Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, ১৫ সদস্যের নতুন কমিটি গঠন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, ১৫ সদস্যের নতুন কমিটি গঠন

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন ১৫ সদস্যের এই বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত ২৯ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।

চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ধারা ৩ ও উপধারা (১)-এর ক্ষমতাবলে এই নতুন বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি গঠিত পূর্ববর্তী বোর্ড বাতিল করে নতুন বোর্ডের আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের আশা, নতুন এই বোর্ড চলচ্চিত্র সার্টিফিকেশন প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ এবং সময়োপযোগী করে তুলবে, যা দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।