Loading...

  • 17 Oct, 2026
সর্বশেষ

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় ছাড় ৩৫৫ জন

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় ছাড় ৩৫৫ জন

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে চাঁদপুর জেলার আট উপজেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় আটটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। পরে আটক ব্যক্তিদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। কিশোর গ্যাংয়ের বিস্তার এবং অপরাধপ্রবণতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ।

উপজেলাভিত্তিক অভিযান

অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এর বাইরে ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ৩৭০ জনের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, বাকি ১৫ জনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে।

অভিভাবকদের সতর্ক করল পুলিশ

চাঁদপুরের পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে পারিবারিক নজরদারির ঘাটতি এবং বিভিন্ন ধরনের অনলাইন কার্যক্রমসহ নানা বিষয় ভূমিকা রাখতে পারে। তাই সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্ত ও তথ্য যাচাইয়ে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর পুলিশ জানিয়েছে, জেলার শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও কার্যক্রম চালানো হবে।