Loading...

  • 11 Sep, 2026
সর্বশেষ

বৃত্তির ফল ফাঁসের ঘটনায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সাময়িক বরখাস্ত

বৃত্তির ফল ফাঁসের ঘটনায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সাময়িক বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলাফল প্রকাশে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করার অভিযোগে রাষ্ট্রপতির আদেশক্রমে তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ প্রকাশের আগেই ওয়েবপোর্টালে আপলোড করার সময় নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ জুলাই ২০২৬ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল চূড়ান্ত করা হয়। ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তাকে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ওয়েবপোর্টালে আপলোড না করার নির্দেশনা দেওয়া হলেও ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়।

অল্প সময়ের জন্য ওয়েব লিংকগুলো সক্রিয় থাকায় অনেক ব্যবহারকারী ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর ফলে ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের খণ্ডিত অংশ দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই সেটিকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে অভিনন্দন জানাতে শুরু করেন।

উল্লেখ্য, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই তা অনলাইনে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায় নির্ধারণে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।