টানা কয়েক দিনের বৃষ্টি ও সরবরাহ সংকটের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব ধরনের শাক-সবজির দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ব্রয়লারসহ বিভিন্ন ধরনের ফার্মের মুরগির দাম। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে করলা, ঢেঁড়স, পটল, বরবটি, কচুরমুখী, কচুর লতি ও বেগুনসহ অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। টমেটো, সজনা, ক্যাপসিকাম, কাঁচামরিচ ও ধনেপাতার দামও তুলনামূলক বেশি রয়েছে। ফুলকপি, বাঁধাকপি ও লাউয়ের মতো মৌসুমি সবজির দামও আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
মুরগির বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব দেখা গেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা, সোনালি কক ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩১০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে খামার থেকে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
শাকের বাজারেও একই চিত্র। লাল শাক, লাউ শাক, কলমি, পুঁই ও ডাটা শাকের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে আলুর দাম স্থিতিশীল থাকলেও দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।
মাংস ও মাছের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশের দামও কমেনি; আকারভেদে প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতল, চিংড়ি, শিং, মাগুর, পাবদাসহ বিভিন্ন মাছের দামও তুলনামূলক বেশি রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই সরবরাহ সংকটের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।