Loading...

  • 25 May, 2026

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ‘স্মার্ট কার’-এ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ‘স্মার্ট কার’-এ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘এ টু আই স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ওয়াকিমুল নিজের তৈরি ছোট বাহনটি প্রদর্শন করেন এবং প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে সেটি চালিয়েও দেখান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ায় ১৭ বছর বয়সী ওয়াকিমুলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

যশোরের চৌগাছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াকিমুল জানান, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় একসময় তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না। সেই সীমাবদ্ধতা কাটাতেই নিজ উদ্যোগে স্মার্ট কার তৈরির কাজ শুরু করেন। তিনি বলেন, প্রয়োজনীয় সহায়তা পেলে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বাহন তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্কদের চলাচলে সহায়ক হবে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, একবার চার্জে স্মার্ট কারটি প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy