Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারে একমত বাংলাদেশ-ভারত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারে একমত বাংলাদেশ-ভারত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ-ভারত অর্থনৈতিক অংশীদারত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

সাক্ষাৎ শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের হাইকমিশনারের সঙ্গে এ সাক্ষাৎও নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি, অর্থনীতি এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ-ভারতের চলমান সহযোগিতা আরও সম্প্রসারিত হলে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ বিনিময় এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।