Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

‘বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি’— ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

‘বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি’— ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও ওয়াকআউটের ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশি অতিথিদের উপস্থিতিতে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক একটি প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় উপস্থিত একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে হট্টগোল ও ওয়াকআউটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রী দুঃখ প্রকাশ করলেও প্রতিবাদ থামেনি। পরে কয়েকজন বিদেশি অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সকালে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও প্রামাণ্যচিত্রে কিছু ত্রুটি ছিল। তিনি উল্লেখ করেন, আবু সাঈদের ছবি না থাকাটা একটি ভুল ছিল এবং সংশ্লিষ্ট মন্ত্রী এ জন্য দুঃখ প্রকাশও করেছেন। তবে এরপর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিদেশি অতিথিদের সামনে আমি হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি।” তাঁর মতে, জাতীয় ঐক্যের বার্তা দেওয়ার পরিবর্তে এমন ঘটনা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করেনি।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংসদের মতো ওয়াকআউট বা বিশৃঙ্খল আচরণ শোভনীয় নয়। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের ভুল থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সরকারের অবস্থান তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং ভুলত্রুটি হলে তা সংশোধনের মানসিকতা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না।

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের মর্যাদা রক্ষা এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।