Loading...

  • 26 Jul, 2026

বহুল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

বহুল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ সোমবার (৬ জুলাই) ঘোষণা করা হবে। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। মামলাটি ঘিরে স্থানীয়দের পাশাপাশি সারাদেশের মানুষের আগ্রহ তৈরি হয়েছে। নিহত শিশুটির পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে এবং তারা আশা করছেন, আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, এর আগে তিন দফা রায়ের তারিখ পরিবর্তন করা হলেও শেষ পর্যন্ত ৬ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। নিহত আসমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সম্পর্কে নিহত শিশুটির চাচাতো ভাই। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। এই মর্মান্তিক ঘটনা প্রকাশের পর নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজকের রায়ের দিকে তাকিয়ে রয়েছে নিহত শিশুটির পরিবার, স্থানীয় বাসিন্দা এবং সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, আদালতের রায় শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।