Loading...

  • 21 Jun, 2026

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে পাঠানো হয়েছে সব নথি, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে পাঠানো হয়েছে সব নথি, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি নথিপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দুবাই কর্তৃপক্ষ তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে কাজ করছে এবং বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ের ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর সুযোগ থাকলেও সরকার মাত্র এক দিনের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে।

বেনজীরকে প্রত্যর্পণের প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ কর্মকর্তারা গত কয়েক দিনে ১৪৪ পৃষ্ঠার একটি বিস্তারিত নথি প্রস্তুত করেছেন। এতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণী এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনি তথ্য সংযুক্ত করা হয়েছে। তিনি জানান, এসব নথিপত্রে স্বাক্ষর করে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নথিগুলো আরবি ভাষায় অনুবাদ করে কূটনৈতিক ব্যাগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা কতটা সহজ হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি অনুমানের নয়, বরং আইনি বাস্তবতার। তিনি বলেন, “যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ইউএই সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ ও তদারকি অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মো. আলী হোসেন ফকির এবং মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। সম্প্রতি দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করার পর বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অথবা বিশেষ প্রশাসনিক ব্যবস্থার আওতায় তাকে দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy