Loading...

  • 26 Jul, 2026

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানের আড়াল থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানের আড়াল থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ দল। রোববার (১৯ জুলাই) পরিচালিত অভিযানে এই স্বর্ণের চালান জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ দেশে আনার চেষ্টা করা হয়েছিল।

কাস্টমস সূত্রের তথ্যমতে, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক (Food Link)। সংশ্লিষ্ট নথিতে চালানটির এয়ারওয়ে বিল (Air Waybill) নম্বর ১৬০১২৭৪০০৯২ উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, যৌথ অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১৬ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের প্রকৃত পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।