বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী।
শুক্রবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে সাইদুর রহমান এবং কলকাতায় প্রেস সচিব হিসেবে মারুফা আক্তার নিয়োগ পেয়েছেন। অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু পোস্ট নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া রয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি ভারত অবগত রয়েছে। তিনি বলেন, “আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
এদিকে, সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পাওয়া সাংবাদিক সাইদুর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। এ বিষয়ে জানা গেছে, অতীতে তার দেওয়া কিছু পোস্টের খণ্ডিত অংশ ব্যবহার করে কয়েকটি অনলাইন মাধ্যম ও সংবাদপত্রে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
এছাড়া আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে পরে জানানো হবে।