ইরানের হামলার পর সংহতি ও সমর্থন প্রকাশ করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি ইরানের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
চিঠিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে আরও শক্তিশালী হবে।
তিনি অর্থনৈতিক, উন্নয়ন, বিনিয়োগ এবং মানবিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে স্বাগত জানিয়ে প্রথম সুযোগেই সরকারি সফরে ঢাকায় আসার ইচ্ছার কথাও উল্লেখ করেন।
ইউএই প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, তার সম্ভাব্য বাংলাদেশ সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।