কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটি বিদেশ থেকে মাঝেমধ্যে ‘উঁকি-ঝুঁকি’ দিলেও বাস্তবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার মতো অবস্থানে নেই।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কার্যকর তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তবে সম্ভাব্য যেকোনো নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, উগ্রবাদী বা নাশকতাকারী গোষ্ঠী বিভিন্ন সময় অপকর্মের চেষ্টা করতে পারে। এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ের আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিলেও যাতে তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে বৈঠকও ডাকা হয়েছে।
এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ইতিবাচক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।