শনিবার (১১ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী জানতে চান, ‘স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’ জবাবে প্রধানমন্ত্রী পাশে বসে থাকা তার সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়। পরে প্রশ্নকারীও রসিকতার সুরে বলেন, ডা. জুবাইদা রহমান যেহেতু প্রধানমন্ত্রীর পাশে আছেন, তিনি এ বিষয়ে উদ্যোগ নিলে স্বাস্থ্যখাত আরও সমৃদ্ধ হবে বলে তাদের বিশ্বাস।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন। পরে তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে উপস্থিত থাকেন।