বিবরণ:
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে দেওয়া ২০ কোটি টাকার অনুদান বাতিল করায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া সংস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, “আমাদের পেটে লাথি মারা হয়েছে, পিঠে ছুরি আর বুকে আঘাত করা হয়েছে।”
সংস্থার দাবি, নারীদের ক্রীড়া উন্নয়নের জন্য দেওয়া এই অনুদান কোনো ধরনের নোটিশ ছাড়াই ফেরত নেওয়া হয়েছে, যা দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য বড় ধাক্কা। ২০২২ ও ২০২৪ সালে দুই ধাপে দেওয়া মোট ২০ কোটি টাকা সোনালী ব্যাংকে এফডিআর হিসেবে জমা রাখা হয়েছিল এবং এর লভ্যাংশ নারী ক্রীড়া উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল।
কর্মকর্তারা জানান, দীর্ঘদিন নিয়মিত লভ্যাংশ পেলেও হঠাৎ তা বন্ধ হয়ে যায়। পরে মৌখিকভাবে ব্যাংক থেকে জানানো হয়, বর্তমান সরকার এই অনুদান বাতিল করে অর্থ ফেরত নিয়েছে।
সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নারী ক্রীড়ার জন্য বরাদ্দ অর্থ প্রত্যাহার করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং অনুদান পুনর্বহালের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ট্যাগ:
মহিলা ক্রীড়া সংস্থা, অনুদান বাতিল, সারওয়াত সিরাজ শুক্লা, নারী ক্রীড়া, ক্রীড়া উন্নয়ন, বাংলাদেশ, রাজনীতি, নারী ক্ষমতায়ন