Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের

৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। এ কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জোটের নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের কর্মসূচি এবং আগামী দিনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নেতারা জানান, ৫ আগস্টের মহাসমাবেশ ঘিরে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম ও প্রস্তুতি গ্রহণ করা হবে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জোটের ভবিষ্যৎ কর্মসূচিও নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

এ সময় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জোট। বৈঠক থেকে হামলার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ১০ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এছাড়া বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।