দীর্ঘ ২৭ বছরের অপেক্ষা, সামাজিক কষ্ট এবং আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে বাবার স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক যুবক। আরিয়ান (ছদ্মনাম) নামে ওই যুবক জন্মের পর থেকেই পিতৃপরিচয়ের সংকটে বেড়ে উঠলেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য প্রমাণিত হওয়ার পর বাবা তাকে আনুষ্ঠানিকভাবে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ ঘটনায় স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে দুই পরিবারেই।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, আরিয়ানের জন্ম রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে। তার জন্মের আগেই মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় তার বাবা মুরশেদ বিদেশে অবস্থান করছিলেন। জন্মের পর বাবার স্নেহ ও পরিচয় ছাড়াই মামার বাড়িতে বড় হতে থাকে শিশুটি।
পরবর্তীতে আরিয়ানের মা অন্যত্র বিয়ে করলে তার জীবনের সংগ্রাম আরও কঠিন হয়ে ওঠে। মামার বাড়িতেই আশ্রয় নিয়ে বড় হন তিনি। তবে ছোটবেলা থেকেই বাবার পরিচয় না পাওয়ার কষ্ট তাকে তাড়া করে ফিরেছে। সমাজের নানা প্রশ্ন ও কটূক্তির মুখোমুখি হতে হয়েছে তাকে। বড় হওয়ার পর তিনি জানতে পারেন, তার বাবা দেশে ফিরে নতুন করে সংসার শুরু করে।