Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, কারণ নিয়ে ধোঁয়াশা

২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, কারণ নিয়ে ধোঁয়াশা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিস্ফোরণের পর রাতের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ ঘটনায় ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইরানের মেহর বার্তা সংস্থা আমিরাতি কর্মকর্তাদের বরাতে জানায়, নাসার থার্মাল ইমেজিং তথ্য অনুযায়ী বন্দরসংলগ্ন একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর গুদামে আগুনের সূত্রপাত হয়। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা হয়নি। এটি কোনো সামরিক হামলার ফল নাকি শিল্পকারখানায় দুর্ঘটনা—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে কিছু ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে আমিরাত সরকার এ ধরনের দাবির সত্যতা নিশ্চিত করেনি এবং বিস্ফোরণের কারণ সম্পর্কেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে পার্শ্ববর্তী আল ফারজান এলাকার কয়েকজন বাসিন্দা বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণস্থল হিসেবে উল্লেখ করা জেবেল আলী এলাকা দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরগুলোর একটি এবং গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য অঞ্চল হওয়ায় এলাকাটি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।