ভারতীয় চলচ্চিত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন জনপ্রিয় অভিনেত্রী ও ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত রাশমিকা মান্দানা। আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-এর জন্য কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সহায়তা ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে একটি জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন তিনি। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় কোনো নারী অভিনেত্রীকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত এটিই প্রথম পূর্ণাঙ্গ আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়। এর আগে সিনেমাটির পরিচালক রাভিন্দ্রা পুল্লে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিং সেটের কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, বিশেষ ওয়েটস্যুট পরে ডুবুরি দলের সঙ্গে পানির নিচে দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা এবং শুটিংয়ের আগে নির্মাতার নির্দেশনা মনোযোগ দিয়ে শুনছেন।
নির্মাতাদের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই দিনের শুটিংয়ে মোট প্রায় ২০ ঘণ্টা পানির নিচে অবস্থান করে পুরো অ্যাকশন দৃশ্যটি সম্পন্ন করেন রাশমিকা মান্দানা। পুরো দৃশ্যেই তিনি নিজেই অভিনয় করেছেন এবং কোনো ধরনের বডি ডাবল বা স্টান্ট ডাবলের সহায়তা নেননি। নির্মাতাদের ভাষায়, এটি শুধু একটি অ্যাকশন দৃশ্য নয়, বরং ভারতীয় সিনেমার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।
শুটিং সম্পন্ন হওয়ার খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘রাশমিকা মান্দানার হাত ধরে ভারতের প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সের কাজ শেষ হলো। উপরিভাগ কখনোই আমাদের সীমানা ছিল না। ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি—গভীর পানির নিচে এমন এক যুদ্ধের সাক্ষী হতে প্রস্তুত হোন।’ একই সঙ্গে খুব শিগগিরই সিনেমাটির টিজার ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
নিজের অভিজ্ঞতা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন বার্তা শেয়ার করেন রাশমিকা মান্দানা। তিনি জানান, দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার কারণ ছিল এই কঠিন শুটিং। অভিনেত্রীর ভাষায়, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। তিনি লেখেন, ‘আমরা হয়তো একটু পাগলামি করেছি, কিন্তু এই চ্যালেঞ্জই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।’ কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতির মাধ্যমে দৃশ্যটি সম্পন্ন করতে পেরে তিনি সন্তোষও প্রকাশ করেন।
জানা গেছে, ‘মাইসা’ পরিচালনা করেছেন রাভিন্দ্রা পুল্লে এবং প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। আদিবাসী জনগোষ্ঠীর পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন-থ্রিলারটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়ান অ্যাকশন সিনেমা। নির্মাতাদের আশা, ব্যতিক্রমী গল্প ও আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্সের কারণে ছবিটি দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে।
২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে খুব শিগগিরই ছবিটির টিজার ও আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, রাশমিকা মান্দানাকে সর্বশেষ দেখা গেছে হিন্দি চলচ্চিত্র ‘ককটেল ২’-এ। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি রুপি আয় করে বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জন করে।